Main Menu

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নারী কনস্টেবল আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ক্বীনব্রীজ সংলগ্ন এলাকায় বুধবার ভোরে ছিনতাইকারীদের হামলায় নারী কনস্টেবল আহত হয়েছে। এ ঘটনায় আটক তিন ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, কোতোয়ালী থানার কনস্টেবল শাপলা বেগম বাড়িতে ছুটি কাটিয়ে বুধবার ভোরে কদমতলী এলাকা থেকে রিকশা যোগে ক্বীন ব্রীজ হয়ে বাসায় ফিরছিলেন। বহনকারী রিকশাটি সুরমা মার্কেট এলাকায় পৌঁছামাত্র ৩ ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তখন টহল পুলিশ ৩ ছিনতাইকারীকে আটক করে। মহিলা পুলিশ কনস্টেবল শাপলা বেগমের ব্যাগ উদ্ধার করে আইডি কার্ড দেখে পুলিশ জানতে পারে তিনি কোতোয়ালি থানার মহিলা কনস্টেবল। এরপর পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। ছিনতাইকারীদের কাছ থেকে শাপলা বেগমের ভ্যানিটি ব্যাগে থাকা ৪ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ ।
আটক ছিনতাইকারীরা হচ্ছে- সুনামগঞ্জের জগদীশপুর গ্রামের সাবু মিয়ার পুত্র শিপন (২৪), কুমিল্লা চৌদ্দগ্রামের দেবপাড়া গ্রামের চিরমত আলীর পুত্র ফারুক আহমদ সাগর(২৮) এবং মৌলভীবাজারের কুলাউড়ার শ্রীপুর গ্রামের আজফর আলীর পুত্র ইমন আহমদ (২৬)। তাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, পুলিশের আইডি কার্ড, নগদ ৪ হাজার টাকা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত কনস্টেবলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত বলে জানান তিনি।
প্রসঙ্গত, ক্বিনব্রিজ এলাকায় গত কিছু দিন ধওে ভোরবেলায় ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার সকালে সিলেট সফররত ঢাকা ট্রিবিউনের সেলস এন্ড মার্কেটিং প্রধান মসিউর রহমানের কাছ থেকে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed