Main Menu

সিলেট প্রেসবিটারিয়ান চার্চ রক্ষায় স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মামলাবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে শত বছরের ঐতিহ্যবাহী সিলেট নগরীর নয়াসড়কস্থ খ্রিস্টিয়ান মিশনকে রক্ষার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে, মামলাবাজ ও দুর্নীতিবাজ শংকর মারাক, জেমস লামিনসহ তাদের সহযোগিদের কবল থেকে শত বছরের ঐতিহ্যবাহী সিলেট নয়াসড়কস্থ খ্রিস্টান মিশন রক্ষার আহবান জানানো হয়। সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষার জন্য সিলেট ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। ট্রাস্টি ডিডে ব্যবসা বাণিজ্য করার কোন নিয়ম বা অধিকার নেই। এই বোর্ড গঠনের পর থেকে পরিকল্পনা ও উদ্দেশ্যহীনভাবে জায়গা জমি বিক্রি করে আসছে। তারা ভাটেড়া মিশন, হবিগঞ্জ মিশন ও নয়াসড়ক মিশন কম্পাউন্ডের ঐগিতহাসিক পাদ্রি বাংলো বিক্রি করে দিয়েছে। এ ব্যাপারে চার্চের ভূমি রক্ষার্থে স্মারক লিপি প্রদান করা হলেও এর সমাধান হয়নি। তাই চার্চের ১২ সদস্য/সদস্য রেজিস্ট্রিকৃত চুক্তিনামা বাতিলের জন্য আদালতে একটি মামলাও চলমান রয়েছে। এই মামলা দায়েরের পর মিথ্যা অভিযোগ এনে একটি হয়রানীমূলক মামলা দায়ের করেন। ২০১৩ সালের মার্চে গাছ কাটারও একটি মিথ্যে মামলা দায়ের করেন। এভাবেই শংকর মারাকসহ তার সহযোগিরা গীর্জার ভূমি গ্রাস করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী চার্চসমূহ ধ্বংস করে বর্তমানে ভূমিখেকো চক্র সিলেট নগরীর নয়াসড়কের এই চার্চটিও বিলুপ্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গীর্জাটিই বর্তমানে একমাত্র দৃশ্যমান গীর্জা।
এসময় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট নয়াসড়ক খ্রিস্টান মিশনের সদস্যদের মধ্যে চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা, সম্পাদক উইলসন গ্রে, কোষাধ্যক্ষ রেভা. ফিলিপ বিশ্বাস, সহ-সম্পাদক রাজিব দাস, রবীন জহর দাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed