Main Menu

সিলেটে স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পীর মহল্লায় একটি ভাড়া বাসা থেকে আয়েশা খানম নিলু (২৬) নামের দুই সন্তানের জননী এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে নগরীর পীর মহল্লার সুনু মিয়ার কলোনির ১৮২ নং ভাড়া বাসা থেকে এই গলিত লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর পরই ১ বছর ও ৩ বছর বয়সী দুই কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে গেছে আয়েশার স্বামী কয়েস আহমদ (৩৫)। কয়েছ বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে আয়েশা খানমের মৃত্যু হয়েছে। আয়েশার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস শুকুর ও স্ত্রী সালমা বেগম একই এলাকয় ১৬৬ নং বাসায় ভাড়া থাকেন।
সালমা বেগম জানান, তার মেয়েকে তার স্বামী যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করত। ঈদের ৩দিন পূর্বে মেয়ের সাথে সর্বশেষ দেখা হয়েছিল। সে সময় কয়েস আহমদ তাদের কাছে ব্যবসার জন্য ৪ লাখ টাকা চেয়েছিল এবং দুই মেয়ে ও নিজেদের জন্য ঈদের বাজারের জন্য টাকা চেয়েছিল। তবে সে সময় টাকা না থাকায় তাদের দিতে পারেননি। সে দিনের মত তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়েছিলেন আয়েশার বাবা আব্দুস শুকুর ও মা সালমা বেগম।
আব্দুস শুকুর জানান, ঈদের একদিন আগে মেয়ের খোঁজ নিতে এসে দেখেছিলেন বাইরে থেকে বাসাটি তালাবদ্ধ করে রাখা। তিনি মনে করেছিলেন মেয়েকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন স্বামী।

কয়েস-নিলুর বিয়ের ছবি
কয়েস-নিলুর বিয়ের ছবি

এদিকে, রবিবার দুপুরে আয়েশা বেগমের ভাড়া বাসায় পচা গন্ধ পেয়ে পুলিশ ও আয়েশার বাবা আব্দুস শুকুর এবং পরিবারের লোকজনদের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা ভেঙে আয়েশার গলিত লাশ দেখতে পায়।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, লাশ দেখে মনে করা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে তাকে হত্যা করা হয়েছে। লাশের বেশীর ভাগ অংশ পচে গেছে। স্বামী কয়েস তার দুই কন্যা শিশুকে নিয়ে পালিয়েছে। স্বামীকে গ্রেফতার করলে এ হত্যার আসল রহস্য উদঘাটন হবে বলে জানান ওসি। পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed