সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন ঈদকে সামনে রেখে কেনাকাটায় জমে উঠেছে সিলেটের বিপনী বিতান। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমল গুলোতে এখন মানুষের ঢল। ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে নানা শ্রেণী মানুষের।
নামীদামী শপিং মলে কেনাকাটার ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ফুটপাতে দোকানে সাধ্যের মধ্যেই কেনাকাটা করছে স্বল্প আয়ের মানুষজন। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা, লামাবাজার, ধোপাদিঘীরপাড়সহ বিভিন্ন স্থানের সব ক’টি মার্কেট ও মেঘাশপে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। এর মধ্যে আলহামরা শপিং সিটি, মধুবন সুপার মার্কেট, সিটি সেন্টার, ব্লু ওয়াটার, কাকলী শপিং সেন্টার, সিলেট মিলেনিয়াম, শুকরিয়া মার্কেটসহ বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকার মার্কেটগুলোতে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ব্যাপক ভীড়। তবে সব মার্কেটেই এবার ছেলেমেয়েদের পোশাক, শাড়ীসহ সব ধরনের কাপড়ের মূল্য গতবারের চেয়ে তুলনামূলক বেশি দাম হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা । এইসব মার্কেটে পসরা সাজানো আছে তৈরী পোশাক, কসমেটিক, শাড়ী ও থানকাপড়, স্বর্ণ ও জুতা ।
শনিবার দুপুরে কয়েকজন শপিং মল ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, ঈদের কেনাকাটার চাপ আজই প্রথম দেখা যাচ্ছে। রোজার প্রথম থেকে এ বছর মার্কেট ছিল ক্রেতাশূন্য। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়ছে । এছাড়াও নগরীর আশপাশের মার্কেটগুলোতেও ভীড় লক্ষ করা গেছে। বিপনীবিতানের পাশাপাশি ভীড় রয়েছে বুটিক হাউসগুলোতে। আবার নিম্নবিত্তরা ছুটছেন ফুটপাতের দোকান গুলোতে। কারণ একটাই ঈদ করা চাই। গত ৪/৫ দিন ঈদের বাজারে ক্রেতা শূন্যতা বিক্রেতাদের হতাশ করলেও এখন তারা খুশি ।
এদিকে মেয়েদের পাশাপাশি ছেলেরাও পিছিয়ে নেই শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, ফতুয়া, জিন্স ক্রয় করতে। তারাও ছুটছেন বিপণিবিতানগুলোতে। ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবী। আর এই পাঞ্জাবীর বিভিন্ন কালেকশন নিয়ে এসেছে আড়ং, কাশিশ, রঙ, দেশী দশ, প্লাস পয়েন্ট, সব আরো অনেক ফ্যাশন হাউস।
তবে, এবার বিক্রি তালিকার শীর্ষে রয়েছে পার্শ^বর্তীদেশ ভারতীয় পোশাক। ছেলে-বুড়ো, নারী-পুরুষ, তরুণ-তরুণী সবার পছন্দের প্রথম তালিকাতেই রয়েছে দেশটির বিভিন্ন সিরিয়াল ও মুভির নামঅনুসারের পোশাক। এই তালিকায় পিছিয়ে রয়েছে দেশি পোশাক। এছাড়াও বিভিন্ন শপিংমলে দুবাই, ইতালি, চায়নার কারুকাজ করা বিভিন্ন পোশাকপণ্যও পাওয়া যাচ্ছে।
মহানগরের বিভিন্ন বিপণিবিতান ও দেশি শোরুম ঘুরে দেখা যায়, দেশীয় পোশাক ছাড়াও বিদেশি পোশাক নজর কেড়েছে ক্রেতাদের। এদের মধ্যে ভারতীয় ভায়োল্যান্ট, নাগাশিখা, খুবছুরত, সগাতসহ বাহারি কারুকাজের নান্দনিক ডিজাইনের ড্রেস তরুণীদের আকৃষ্ট করেছে। এসব পোশাক ৩ হাজার ৫শ টাকা থেকে ৮ হাজার ৯শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর রেডিমেড দেশি ও ভারতীয় পোশাক বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত।
শাড়ির মধ্যে মসলিন, জামদানি, টাঙ্গাইল, তাঁত, তসর, কাতান সিল্ক, সিপন কাতান, অপেরা কাতান, জর্জেট কাতান, ব্লক, বেনারসি কাতান, জুট কাতান এবং নেট ছাড়াও বিভিন্ন রকমের শাড়ির চাহিদা বেশি।
জামদানি ৩ হাজার থেকে ২০ হাজার টাকা, জার্গান ১২ থেকে ২২ হাজার টাকা, ব্লক ১২শ’ থেকে ৩ হাজার টাকা, মসলিন ৭ হাজার থেকে ২০ হাজার টাকা, টাঙ্গাইল শাড়ি ৮শ’ টাকা থেকে ২ হাজার টাকা, সিল্ক ২ হাজার থেকে ২০ হাজার টাকা, তসর ২ হাজার থেকে ১৫ হাজার টাকা, জুট কাতান ৫ হাজার থেকে ৯ হাজার টাকা, অপেরা কাতান ১১ হাজার ৫শ’ টাকা, জর্জেট কাতান ৭ হাজার থেকে ১৭ হাজার টাকা এবং বেনারসি কাতান সাড়ে ৭ হাজার থেকে ১৬ হাজার টাকা এবং কাতান শাড়ি ৫ হাজার থেকে ২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
রুচিশীল পোশাকের মধ্যে বিদেশি ও দেশীয় পোশাকগুলো হলো, লং স্টাইল, ফরপিস, টু পিস, কাশিশ, মাশাককলি, বুটিকস পোশাক বেশ নজর কেড়েছে সবার। এগুলো মধ্যে বিদেশি পোশাকের দাম হচ্ছে ১৫শ’ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। আর দেশি পোশাকগুলোর মূল্য ৫শ’ থেকে ৪ হাজার টাকার মধ্যে।
ছেলেদের শার্ট নিচে সাড়ে ৫শ’ টাকা থেকে ২ হাজার টাকা, প্যান্ট ৭শ টাকা থেকে ১ হাজার ৮শ ৫০টাকা, ফতুয়া সাড়ে ৩শ’ টাকা থেকে ১২শ টাকা, পাঞ্জাবি ১২শ’ টাকা থেকে সাড়ে ৪হাজার টাকা, শেরোয়ানি ২ হাজার থেকে সাড়ে ১৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পোশাকের সাথে মানানসই জুয়েলারি সামগ্রীর দিকে নজর ক্রেতাদের কোনো অংশে কমতি নেই। তরুণীরা ড্রেসের সাথে মিলিয়ে জুতা থেকে শুরু করে অলংকারও কিনছেন।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ এলেই সিলেটে কেনাকাটার ধুম পড়ে। সেই সাথে বিপণিবিতান ও রাস্তাঘাটে ঘটে অনাকাংকিত নানা ঘটনা। বিশেষ করে প্রবাসী নারী ক্রেতারা মার্কেটে এসে চুরি ও ছিনতাইসহ প্রতারণার শিকার হন। এবার ঈদে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদবাজারে ক্রেতাদের কেনাকাটা নির্বিঘেœ করতে মহানগর পুলিশের থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়। অপরাধীদের ধরতে মাঠে নামানো হয় ছদ্মবেশী দলকে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed