ঢাকায় লিফট ছিঁড়ে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে আরো ২৫জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৬তলা ভবনের ছয়তলায় লিফট ছিঁড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার বিধান ত্রিপুরা বলেন, মার্কেটে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
‘সন্ধ্যার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে বেইজমেন্ট থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় হঠাৎ করে ওই ভবনের ক্যাপসুল লিফটটির তার ছিঁড়ে যায়। এ সময় বিকট শব্দে ভবনে আগুন ধরে যায়। তখন ভবনটির নিচতলায় ট্রপিক্যাল হোমস লিমিটেডের একটি ইফতার মাহফিল চলছিল।
এ সময় ওই অনুষ্ঠানে থাকা ট্রপিক্যাল হোমস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও তার দুই ছেলে-মেয়ে দগ্ধ হন।
ছুটোছুটি করে বের হতে গিয়ে আহত হন রাজলক্ষ্মী মার্কেটের বিসমিল্লাহ মিষ্টির কর্মচারী মামুনও (২৮)।
ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ হওয়াদের মধ্যে ৫জন এখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হাসানের ৮০ শতাংশ, তার মেয়ে মেহনাজ হাসান মায়শার ৪৪ শতাংশ ও আটমাস বয়সী ছেলে মুনতাকিন হাসানের ২৩ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসা চলছে।
দগ্ধ হাসানের পরিবারের সদস্যরা জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া সদরে হলেও উত্তরা-১৩ সেক্টরে থাকেন। মাইশা উত্তরা মাইলস্টোন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় একঘণ্টা বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে উদ্ধার কাজ এখনো চলছে।
তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আগুনে একই পরিবারের তিনজন দগ্ধসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরমধ্যে হাসান (৩৫), তার মেয়ে মাইশা (১০), আটমাস বয়সী ছেলে মুস্তাকিমকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর আহত মামুন (২৮) জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ তলা ভবনের দশ তলা পর্যন্ত শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আকস্মিক আগুনে বেশ কয়েকজন আটকা পড়েন সেখানে।
এদিকে ওই ঘটনায় লিফটে আগুন লেগে তা ছড়িয়ে পড়লে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed