Main Menu

সেফহোম থেকে মুক্তি পেলেন লন্ডনী কন্যা রুবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের বিশ্বনাথের লন্ডনী কন্যা রোমেনা বেগম রুবি (২৮) নানা ঘটনার পর অবশেষে নিজ জিম্মায় ‘সেফ হোম’ থেকে ফিরেছেন।
বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি-২) আদালতের বিচারক হরিদাস কুমার নিজ জিম্মায় রুবিকে সেফ হোম থেকে ফেরার নির্দেশ দেন। রোমেনা বেগম রুবির বাড়ি বিশ্বনাথ উপজেলার দৌলতপুরে। গত ৬ জুন তিনি দেশে ফেরার পর তাকে ঘিরে অপহরণ মামলাও হয়।
জানা গেছে, বিয়ে করে যুক্তরাজ্যে যান রোমেনা বেগম রুবি। সেখানে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন তিনি (পাসপোর্ট নং-জিবিআর ৫৩১১৬০৩৯৫)। গত ৬ জুন তিনি দেশে ফেরার পর রুবির ছোট ভাই এয়ারপোর্ট থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জেনে গত ৯ জুন রুবি বিশ্বনাথ থানায় হাজির হয়ে একটি জিডি দায়ের করেন। জিডিতে তার নিকটাত্মীয় কয়েকজনের নামোল্লেখ করে নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি উল্লেখ করেন তিনি। পরে ১৫ জুন আদালতে হাজির হয়ে তিনি (রুবি) অপহৃত হননি বলে আদালতকে জানান। এদিকে পুলিশ রুবির জবানবন্দি গ্রহণ শেষে আদালতকে তার (রুবি) নিরাপত্তাহীনতার বিষয়টি অবগত করে। ওইদিনই আদালত রুবিকে ‘সেফ হোমে’ পাঠানোর নির্দেশ দেন।
এয়ারপোর্ট থানায় রুবির ভাইয়ের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১০ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন রোমেনা বেগম রুবি। গত ৬ জুন তিনি একাই দেশে ফিরেন। ওইদিন ওসমানী বিমানবন্দর থেকে রুবিকে কয়েকজন সঙ্গী নিয়ে বিশ্বনাথের এক যুবক অপহরণ করেন। অপহরণের প্রত্যক্ষদর্শী হিসেবে মামলায় রুবির মা, জনৈক মতিন মিয়াসহ ৩ জনের নামোল্লেখ রয়েছে।
এদিকে রুবির দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রায় বছর খানেক আগে স্বামীর সাথে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। বর্তমানে তিনি আলাদা বসবাস করছেন। ছুটি কাটাতে তিনি দেশে আসেন। এখন তার প্রাক্তন স্বামী পক্ষের আত্মীয় মতিন মিয়ার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে বুধবার (২২ জুন) রোমেনা বেগম রুবিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি-২) হরিদাস কুমার এর আদালতে হাজির করা হয়। আদালত তখন নিজ জিম্মায় রুবিকে সেফ হোম থেকে ফেরার নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed