Main Menu

গোলাপগঞ্জে প্রতারক জুনেদকে আটক করেছে পুলিশ

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে প্রতারনা, চেক জালিয়াতি, বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত মামলার আসামী বহুল আলোচিত জুনেদ গণিকে আটক করেছে পুলিশ ।
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা উজানডাকি গ্রামের মৃত আব্দুল গণির পুত্র জুনেদ গণি দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জে বাসা ভাড়া করে বসবাস করছে। ইতিমধ্যে ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যে লোক পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। মুসল্লিবেশে মিষ্টি মিষ্টি কথা বলে জুনেদ গণি সহজেই মানুষকে আকৃষ্ট করে প্রায় এক যুগ ধরে প্রতারণা করে অনেককেই রাস্তায় বসিয়েছেন। বিগত দিনে এমনও ঘটনা সে ঘটিয়েছে, বিদেশ পাঠানোর নামে যাত্রীকে নিজ বাসায় এনে আদর-আপ্যায়ন করে বিদেশ যাত্রীর ব্যাগে ফেনসিডিলের বোতল ঢুকিয়ে পুলিশে ধরিয়ে দিতে গিয়ে শেষ পর্যন্ত ফেনসিডিলের বোতলসহ নিজেই ফেঁসেছেন। ভূমি ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণাসহ নানা অভিযোগে সে বিভিন্ন সময়ে মাসের পর মাস জেল খেটেছে বলে জানা যায়। সম্প্রতি সিএনজি অটোরিক্সা চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লে কিছুদিন জেল খেটে বেরিয়ে এসে আবার প্রতারণা শুরু করে।
বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
গোলাপগঞ্জ থানা সূত্রে জানা যায়, জুনেদ গণি একজন সাজাপ্রাপ্ত আসামী। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, জুনেদ গণি একজন বড় ধরনের প্রতারক। সহজ-সরল মানুষজনকে বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে প্রতারণার জালে ফেলে অর্থ আত্মসাত করছে মর্মে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। তার প্রতারণার ফাঁদ ও প্রলোভনে না পড়ার জন্য সর্তক থাকতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
এদিকে রণকেলী নিবাসী আব্দুল লতিফ জানান, আমেরিকায় লোক পাঠানোর নামে তাকে মধ্যস্ততাকারী হিসাবে মনোনীত করে প্রতারণার জালে ফেলে প্রায় ১৪ লক্ষ টাকা জুনেদ গণি হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে তিনি সিলেটের পুলিশ সুপারের কাছে আবেদন করলে পুলিশ জুনেদ গণিকে আটক করেছিল। এখনও টাকা না পাওয়ায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে বলে তিনি অভিযোগ করেন।

Share





Related News

Comments are Closed