Main Menu

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

নিউজ ডেস্ক : সোমবার দেশের ৯টি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় পৃথক দুর্ঘটনায় এই নিহতের ঘটনা ঘটেছে।

এর মধ্যে চুয়াডাঙ্গায় ১ জন, পটুয়াখালীর বাউফলে ১, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১, কুমিল্লার বুড়িচংয়ে ২, কক্সবাজারে ৪, ময়মনসিংহের ত্রিশালে ৩, ঝিনাইদহের কালীগঞ্জে ১, কুষ্টিয়ায় ১ ও দিনাজপুরে একজন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় আতিয়ার রহমান (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আতিয়ার রহমান আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মৃত নূর বক্সের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে পিকআপভ্যা‌ন খাদে প‌ড়ে হেলপার আফজাল হো‌সেন (২৮) নিহত হন। এসময় আহত হন চালক রাজু আহমেদ।
দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে উপজেলার অলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আফজা‌লের বাবার নাম ইদ্রিস আলী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিি) আজম ফারুকী সিকার করেছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সুমন মণ্ডল (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বিকেলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন স্থানীয় ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন এ বিষয়টি জানিয়েছেন।

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেছেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিবারের লোকদের সন্ধান পেলে লাশ তাদের কাছে প্রেরণ করা হবে।

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আবদুল কাদের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল কাদের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার থাইংখালীতে মাহিন্দ্রা ও মিনি পিকআপের সংঘর্ষে এক নারীসহ তিন যাত্রী নিহত হন।
বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উখিয়ার কুতুপালংয়ের আন রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের স্ত্রী তৈয়বা বেগম, টেকনাফের কাঞ্জরপাড়ার কবির আহমদের ছেলে নুরুল ইস্তফা। অন্য একজনের পরিচয় জানা যায়নি।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার ও উখিয়া থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে একটি পিকআপ চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন।
সকাল ১০টার দিকে উপজেলার ৭নং ওয়ার্ডের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শ্যামল চন্দ্র সূত্রধর (৪৫) ও খোকন (৪০)ও ফজিলাছুন্নেছা (৪৫)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

যশোর: ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে জাহানারা বেগম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
দুপুরে উপজেলার ধোপাদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহানারা বেগম যশোর সদর উপজেলার কমলা গ্রামের বরকত আলীর স্ত্রী।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার কাথুলিয়া মিলপাড়ায় ইট ভাঙা মেশিনের নিচে চাপা পড়ে সেলিম হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সেলিম হোসেন সদর উপজেলার শিমুলিয়া এলাকার রমজান আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার মাধবমাটি-করলা এলাকায় ভটভটি উল্টে রিকো (১৮) নামে এক যাত্রী নিহত হন।
বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিকো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বিষয়টি সিকার করেছেন।

Share





Related News

Comments are Closed