Main Menu

সিলেটে আ.লীগের ১৮ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা বহাল রাখায় সিলেটের জকিগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলার ১৮জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। একইসাথে এসব বহিস্কৃত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কার আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জকিগঞ্জ উপজেলায় দলীয় পদ থেকে বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বীরশ্রী ইউনিয়নে সালেহ আহমদ, খলাছড়া ইউনিয়নে আব্দুল গফুর ও মাসুক আহমদ, কাজলসার ইউনিয়নে জহিরুল হক খছরু, আতিকুল ইসলাম মনি ও আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়নে রফিকুল ইসলাম, বারঠাকুরী ইউনিয়নে জামাল উদ্দিন এবং কসকনকপুর ইউনিয়নে আলতাফ উদ্দিন লস্কর।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে ইয়াকুব আলীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার বহিস্কৃতরা হলেন, দুবাগবাজার ইউনিয়নে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, কুড়ারবাজার ইউনিয়নে ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তোতা, মুড়িয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওহিদুর রেজা মাসুম ও আব্দুল হাসিব, তিলপাড়া ইউনিয়নে ইসলাম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়নে আব্দুল কাদির ও জাকারিয়া আহমদ জাকার এবং লাউতা ইউনিয়নে উপজেলা যুবলীগ নেতা গৌছ উদ্দিন।

এছাড়াও দলের বিদ্রোহী প্রার্থীদের হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের যেসব নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও খুব শীঘ্রই দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed