Main Menu

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলায় পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ এলিট পরিবহনের একটি বাস। এতে একজন এসআই, একজন এএসআই সহ অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন, এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, রানা, আরিফ, সাফায়েত।

আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মীরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের যাত্রীবাহী বাসটি পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে টহল গাড়িতে থাকা কনস্টেবল শফিক ও কনস্টেবল রানা গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed