Main Menu

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন

বৈশাখী নিউজ ডেস্ক: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সিলেটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে র্যামলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যািলিটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রবীণরা কর্মজীবন থেকে অবসর নিলেও সমাজ ও দেশের জন্য তাদের অবদান শেষ হয়ে যায় না। দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা সমাজের জন্য অত্যন্ত মূল্যবান। প্রবীণদের এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি তাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হবে। পাশাপাশি প্রবীণদের জন্য একটি নিবাস স্থাপনের বিষয়েও প্রস্তাব এসেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রবীণদের বিভিন্ন সমস্যা ও দাবিগুলো সমন্বিতভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হবে। তাদের প্রয়োজনীয় সেবা ও সরকারি সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করা হবে। কোনো প্রবীণ সরকারি সেবা পেতে সমস্যার সম্মুখীন হলে জেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় সভায় প্রবীণ হিতৈষী সংঘ সিলেট শাখার সভাপতি জামিল আহমদ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘ সিলেট শাখার সাধারণ সম্পাদক আবু তালেব মুরাদ এবং অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রবীণদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed