সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির আহমদ নামে ১০ মাস ১৫ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া সাব্বির আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ সদর এলাকার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
এদিকে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে। জেলাটিতে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগীর মৃত্যুর সংখ্যা সিলেট ও হবিগঞ্জে চারজন করে। মৌলভীবাজার ও সুনামগঞ্জে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে একজন করে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত—দুই ধরনের হাম রোগী মিলিয়ে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। ফলে সিলেট বিভাগের হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এখনো কাটেনি।
Related News
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed