Main Menu

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অভিযানে সিলেট-ঢাকা মহাসড়কে স্লিপার বাস পরিচালনাকারী পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনহীনভাবে স্লিপার বাস পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে।

Manual6 Ad Code

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. পারভেজ বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোনো অনুমোদন নেই। এরপরও বিভিন্ন কোম্পানি অনুমোদন ছাড়াই এসব বাস পরিচালনা করছে।

তিনি বলেন, প্রথম দিনের অভিযান হওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এরপরও তারা স্লিপার বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ, মামলা ও অন্যান্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ সূত্র জানায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে কিছু পরিবহন প্রতিষ্ঠান সেসব বাসকে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করে মহাসড়কে চালাচ্ছে। এসব বাসের চেসিস, ইঞ্জিন ও বডি সাধারণ বাসের মতোই। ফলে কাঠামোগতভাবে পরিবর্তিত এসব বাস মহাসড়কে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে।

গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিল ডাবল ডেকার স্লিপার বাস। ওই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলো।

Manual7 Ad Code

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, সড়কে চলাচলকারী স্লিপার বাসগুলোর অনেকগুলোর চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরি বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এসব গাড়ি ভারসাম্য ধরে রাখতে পারে না। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code