Main Menu

সিলেট-তামাবিল সড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় মো. নাজিম উদ্দীন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬ নম্বর কূপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দীন জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মাহমুদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাজিম উদ্দীন হরিপুর এলাকার শাহ মাদার ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ দক্ষিণে নিজ বাড়ির সামনে পাকা সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি গেইটলক বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা হরিপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জৈন্তাপুর-তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত গেইটলক বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল-আমীন মীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

Share





Related News

Comments are Closed