বাংলাদেশিদের জন্য উন্মুক্ত যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ শেভেনিং স্কলারশিপ-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
বুধবার (৫ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সম্ভাবনাসম্পন্ন তরুণদের জন্য এই স্কলারশিপ চালু রয়েছে। নির্বাচিত প্রার্থীরা যুক্তরাজ্যের উচ্চশিক্ষার পাশাপাশি একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, শেভেনিং স্কলারশিপ বাংলাদেশের মেধাবী তরুণদের সম্ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে প্রতিভাবান তরুণদের সহযোগিতা করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯৮৩ সালে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৯৫ জনের বেশি বাংলাদেশি শেভেনিং স্কলারশিপ অর্জন করেছেন। বিশ্বব্যাপী ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি অব্যাহত রয়েছে।
আগ্রহী প্রার্থীরা Chevening-এর অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে শেভেনিংয়ের লক্ষ্য, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে প্রতিযোগিতামূলক আবেদনপত্র প্রস্তুত করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
শেভেনিং হলো যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক স্কলারশিপ কর্মসূচি, যা ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং এর অংশীদার প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে পরিচালিত হয়। নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে—এমন ব্যক্তিদের জন্য এই বৃত্তি প্রদান করা হয়।
বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে শেভেনিং স্কলার নির্বাচিত হন। এ পর্যন্ত ৬০ হাজারের বেশি অ্যালামনাই নিয়ে গড়ে উঠেছে এই আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা বিশ্বজুড়ে প্রভাবশালী ও সম্মানিত একটি কমিউনিটি হিসেবে পরিচিত।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed