Main Menu

সিলেটে সরকারি জমি থেকে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযানে বারোটি অবৈধ দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অভিযান চালায় জেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ টার দিকে সিলেট জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সওজ, সিলেটের কর্মকর্তারা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সওজ বিভাগের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। গত ২৮ জুলাই দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা অপসারণ না করায় সোমবার প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে সালিয়া, সালুটিকর ও বিমানবন্দর এলাকার তিনটি পৃথক স্থান থেকে মোট বারোটি অবৈধ দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন বলেছে, সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed