সুরমা নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে জামালগঞ্জে নৌ ধর্মঘট অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর লালপুর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। এর ফলে চুনাপাথর পরিবহন ও ব্যবসায় দেখা দিয়েছে অচলাবস্থা, কর্মহীন হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার শ্রমজীবী মানুষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে লালপুর এলাকায় অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। জামালগঞ্জ নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লালপুরের এই বিআইডব্লিউটিএ ঘাট সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সৃষ্টি হয়েছিল এবং সে সময় স্থানীয় কিছু নেতা এই ঘাটের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করতেন, যা ব্যবসায়ীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বক্তারা বলেন, সেই ধারাবাহিকতা এখনো চলছে।
তারা বলেন, ভারত থেকে আমদানি করা চুনাপাথর তাহিরপুরের পাটলাই নদী হয়ে জামালগঞ্জের সুরমা নদী পর্যন্ত পৌঁছাতে ইতিমধ্যে বিআইডব্লিউটিএর টোলসহ একাধিক স্থানে কর দিতে হয়। এরপর লালপুরে পৌঁছালে সেখানে আবার টোল দিতে হচ্ছে, যদিও এই স্থানে বিআইডব্লিউটিএর কোনো জেটি নেই এবং জেটি ব্যবহার করে মালামাল ওঠানামাও করা হয় না।
ব্যবসায়ীদের দাবি, লোড ও আনলোড উভয় ক্ষেত্র মিলিয়ে প্রতি ঘনফুটে ৫ টাকা ৬০ পয়সা হারে টোল আদায় করা হচ্ছে, যা সরকারি নির্ধারিত হারের চেয়ে কয়েকগুণ বেশি।
আন্দোলনকারীরা জানান, নৌ পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদে তাহিরপুরের যাদুকাটা, পাটলাই, রক্তি ও জামালগঞ্জের সুরমা নদীপথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে যাদুকাটা, পাটলাই ও রক্তি নদীতে টোল আদায় সংক্রান্ত ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ায় সেসব স্থানে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে সুরমা নদীর লালপুরে বিআইডব্লিউটিএর টোল আদায় বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় সেখানে ধর্মঘট অব্যাহত রয়েছে বলে জানান তাঁরা।
এদিকে লালপুরে ধর্মঘট চলমান থাকায় পরিবহন ও চুনাপাথর ব্যবসায় দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যবসায়ীরা জানান, এর প্রভাব পড়েছে সীমান্তে চুনাপাথর আমদানিতেও। মিল ও পরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এখানকার অন্তত ১০ হাজার শ্রমজীবী মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নবীনুর, জসিম, অমির, লোকমান ও আল-আমীন প্রমুখ।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed