Main Menu

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু, একের পর এক শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচদিন বিরতি দিয়ে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টা থেকে এ সামরিক অভিযান শুরুর পর আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ দক্ষিণ ইরানের একের পর এক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের ‘হামলার চেষ্টার’ জবাব হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর রয়টার্সের

প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় ভোরের দিকে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকার জাহাজে আঘাত হানে একটি ইরানি ড্রোন। এতে বন্দরে আগুন ধরে যায়। সে সময় মার্কিন ও সৌদি সেনাবাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থি সামরিক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করছিল।

মিসরের বন্দরে যুক্তরাষ্ট্রের ট্যাংকার জাহাজে যে সময় ড্রোন হামলা ঘটে, তার কাছাকাছি সময় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি।

মধ্যপ্রাচ্যে এসব হামলার পরিপ্রেক্ষিতে ‘খুব কঠোর’ জবাব দেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা তাদের (ইরানের) ওপর খুব কঠোরভাবে আঘাত হানব, কারণ এবার আমাদের পালা। তারা জানে, এটি আসছে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের সর্বশেষ হামলার পর দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে।

এছাড়া, হরমোজগান প্রদেশের বন্দরনগরী বন্দর আব্বাসে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও। তবে, হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিক শহরে কোনও হামলা হয়নি।

আইআরআইবি আরও জানিয়েছে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে তিনটি বিস্ফোরণ হয়েছে।

স্থানীয়দের বরাতে ইরানের বার্তাসংস্থাটি জানায়, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। এছাড়া প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর দক্ষিণ ইরানের কয়েকটি স্থানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Share





Related News

Comments are Closed