Main Menu

সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিনাটিলা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।

এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে একই বিওপি’র আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed