Main Menu

সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়ালগাঁও-আমবাড়ি সড়কে মঙ্গলবার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক-কোম্পানীগঞ্জ (গোয়ালগাঁও-আমবাড়ি) সেতু এবং ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নিচু করে নির্মাণের প্রতিবাদ জানিয়ে তা দ্রুত উঁচু ও প্রশস্ত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সংযোগ সড়কের কিছু অংশ সামান্য পানি বৃদ্ধি পেলেই তলিয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে বা বন্যার সময় স্বাভাবিকের তুলনায় আরও প্রায় দুই ফুট পানি বৃদ্ধি পেলে পুরো সংযোগ সড়ক পানির নিচে চলে যাবে। এতে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন এই দুটি সেতু বর্ষা মৌসুমে কার্যত অকেজো হয়ে পড়বে এবং জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো যাতে কার্যকর থাকে, সেজন্য নির্মাণাধীন সংযোগ সড়কের প্রাক্কলন সংশোধন করে বর্তমান লেভেল থেকে অন্তত ২ মিটার উঁচু ও প্রশস্ত করে নির্মাণ করা জরুরি। এছাড়া সড়কের দুই পার্শ্বের পাকা ব্লকে নিম্নমানের পাথর ব্যবহার করায় ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

মানববন্ধন থেকে স্থানীয় সরকার মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এবং সমাজকর্মী হাফিজ সোহেল আহমদ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ব্যবসায়ী ফরিদ আহমদ, নুরুল হক, ইমতিয়াজ তপু, জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share





Related News

Comments are Closed