Main Menu

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে, বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

তারা হলেন, সুনামগঞ্জের সদর থানার নইগাঙ থানার মো. সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার গ্রামে মৃত শওকত আলীর ছেলে মানিক আহমেদ, চানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন, শাল্লা থানার শ্রীহাই গ্রামের আব্দুল হাই এর ছেলে বাদশাহ মিয়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ।

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৭ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed