Main Menu

সিলেটে ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’- এর উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’- এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।

কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ জুন) রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।

বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, এই মেলা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি ছাড়া আমরা বাঁচতে পারবনা। আমাদের বাঁচতে হলে প্রথমে প্রয়োজন খাদ্যের যা কৃষিখাত থেকে কৃষকের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সফল উদ্যোক্তা হিসেবে এগোতে চান তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবেন। পরিকল্পনা না থাকলে সফলতা আসে না। তাই নিজেকে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মেলার প্রতিটি স্টল পরিদর্শন করে।

সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, কৃষক এবং ভোক্তার মধ্যকার সেতু বন্ধন বা সংযোজন হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। এই সেতু বন্ধনের মাধ্যমে কৃষক তার পণ্য বাজারে ভোক্তার কাছে পৌঁছে দেয়। কৃষক তার পণ্য উৎপাদন করে কীভাবে ভ্যালু এড করে নিলে তার ন্যায্যমূল্য পাবে সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষিপণ্য কীভাবে নিরাপদ খাদ্য হিসেবে ভোক্তা পর্যায়ে বাজারজাত হতে পারে সে বিষয়ে লক্ষ্য রেখে কৃষি বিপণন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকের নানাবিধ সুযোগ- সুবিধা নিশ্চিত করে তার উৎপাদিত পণ্য পরিবহন ও বাজারজাতকরণের ব্যবস্থা করে থাকে। প্রতিটা কৃষি পণ্যের মূল্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া আছে যা দেখে কৃষক তার পণ্যের মূল্য নির্ধারণ করে বিক্রি করতে পারেন। তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এই গুরুত্ব দেওয়ার কারণে কৃষি পণ্য নিয়ে যারা কাজ করেন তারা কৃষক হতে কৃষি ব্যবসায়ী হতে পারেন। তাদেরকে নিয়েই আজকের এই কৃষি উদ্যোক্তা মেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের যুগ্মপরিচালক হুমায়রা জাহান রুপু, সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, বিসিকের মহাব্যবস্থাপক সোহেল হাওলদার। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তাগণ ও ইলেকট্রনিক প্রিন্টমিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

Share





Related News

Comments are Closed