হুইপের আশ্বাসে স্থগিত সিলেট-হবিগঞ্জ সড়কের পরিবহণ ধর্মঘট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩ জুন) থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের আশ্বাসের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তবে রুটসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিকেরা।
পরিবহন নেতারা জানিয়েছেন, আগামী ১২ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “জাতীয় সংসদের হুইপ আমাদের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। তার অনুরোধে আমরা ১২ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি। আশা করছি, এর মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধান হবে।”
এর আগে গত রোববার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে পরিবহন নেতারা ৩ জুন থেকে সিলেট-হবিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। তারা বলেছিলেন, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ধর্মঘট শুরু হবে।
পরিবহন নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক ও শ্রমিক সংগঠন বাধা দিয়ে আসছে। এর ফলে নির্ধারিত রুটে চলাচল ব্যাহত হচ্ছে এবং পরিবহন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সংবাদ সম্মেলনে আবু মঈন চৌধুরী সোহেল বলেছিলেন, “রুটটি আমাদের দীর্ঘদিনের। অথচ বিভিন্নভাবে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে শুধু মালিকেরা নন, শত শত শ্রমিকও কর্মসংকটের মুখে পড়েছেন।”
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রুটসংক্রান্ত এ বিরোধ নতুন নয়। কয়েক বছর ধরেই হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সিলেটগামী বাস চলাচল নিয়ে টানাপোড়েন চলছে। মাঝেমধ্যে প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও স্থায়ী সমাধান হয়নি।
Related News
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে ভুয়া চিকিৎসক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে অন্য চিকিৎসকের নাম ও প্যাড ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনারRead More
হবিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইফাজRead More



Comments are Closed