ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো মহানগর এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়। নতুন এ সেবায় প্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত যাত্রী রেলপথে যাতায়াতের সুযোগ পাবেন।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এত দিন ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করত। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এ রুটে ট্রেনের সংখ্যা বেড়ে তিন জোড়া হলো।
নতুন এ সেবার ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। আগে এসব এলাকার যাত্রীদের জন্য ঢাকা থেকে সরাসরি কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে ওঠার সুযোগ ছিল না।
কখন ছাড়বে মহানগর এক্সপ্রেস
বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন সকাল ৬টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে।
পথে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে রাত ৩টায় আবার কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি।
ফিরতি পথে প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। দুই পথে যাত্রার নির্ধারিত সময় ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রবিবার।
যেসব স্টেশনে থামবে
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে মহানগর এক্সপ্রেস বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে। দুই প্রান্তের স্টেশনসহ মোট ১৪টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেনটি।
নতুন রুট চালুর ফলে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার পথে চলাচল করবে ট্রেনটি।
ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেসের আসনসংখ্যা ৭৩৬ ও ৭০৬টি। আগের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী নতুন রুটেও ভাড়া প্রযোজ্য হবে।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৬৮৫ টাকা থেকে শুরু। এসি শ্রেণিতে সর্বোচ্চ ভাড়া ১ হাজার ৫৭০ টাকা। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থা অথবা রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন।
ট্রেনটির রেকের রক্ষণাবেক্ষণ, পানি সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে কক্সবাজারে।
রেলওয়ে জানিয়েছে, পর্যটননগরী কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বিবেচনায় মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তনগর রেলসেবা বৃদ্ধি-সংক্রান্ত সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ফলে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী এলাকার যাত্রীরাও সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
Related News
ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো মহানগর এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।Read More
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা
বৈশাখী নিউজ ডেস্ক: যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবংRead More



Comments are Closed