Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যাকে পাশবিক নির্যাতন করার অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে অভিযুক্ত রফিকুল ইসলামকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এর আগে ভোর রাতে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রফিকুল জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। মঙ্গলবার (১৯ মে) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী মেয়ে (১৫)।

মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই কিশোরীর মা রোজিনা বেগম বিগত ৬ বছর ধরে সৌদি আরব প্রবাসী। সে সুবাদে তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করেন। সম্প্রতি রোজিনা বেগম বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে গত দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান। এরপর থেকে ভূক্তভোগী কিশোরী তার দুই ছোটবোন ও পিতা সেই ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলেন। তবে ভুক্তভোগীর মা না থাকার সুযোগে অভিযুক্ত পিতা রফিকুল ইসলাম গত ১৬ মে রাতে তার বড় কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকী প্রদান করে। পরে ১৮ মে সকালে ফের ওই পিতা তার কিশোরী কন্যাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের অবগত করে। পরে সদর মডেল থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে অভিযুক্ত ওই পিতাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed