Main Menu

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের

বৈশাখী নিউজ ডেস্ক : সারাদেশে বজ্রপাতে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দেশের ৫ জেলায় এই প্রাণহানীর ঘটনা ঘটে।

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৬ মে) দুপুরে জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, চন্দননগর ইউনিয়নের অনুকূল চন্দ্র মাহন্ত (২২) ও খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামের দিলিপ চন্দ্র বর্মন (৩৫)।

নাটোরের লালপুরে পদ্মার চরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আজিজ মন্ডল ওই গ্রামের মসলেম মন্ডলের ছেলে।

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় ঝড়-বৃষ্টি হওয়ায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মো. ওবাইদুল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে।

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে| নিহত সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে।

Share





Related News

Comments are Closed