Main Menu

সিকৃবি’র পুকুরে ডুবে প্রাণ গেল মাদরাসাছাত্রের

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পুকুরে গোসল করতে নেমে মো. রায়হান (১৭) মানের মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বেলা আড়াইটার দিকে ওই ছাত্রের পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করে।

রায়হান সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার রাতারগাঁও বাগেরটেক এলাকার আব্দুর রহমানের ছেলে। সে পরিবারের সঙ্গে সিলেট নগরীর শাহপরাণ থানাধীন বালুচর নতুনবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

শাহপরাণ থানাপুলিশ ও সিকৃবি প্রশাসন জানায়, বেলা আড়াইটার দিকে রায়হান ও তার ৪/৫ জন বন্ধু খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি থেকে ফেরার পথে হঠাৎ রায়হান ডুবতে শুরু করে। এসময় বন্ধুরা চেষ্টা করেও রায়হানকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed