Main Menu

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আমানত ফেরত ও ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন একাধিক ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (৪ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েকশ আমানতকারী অংশ নেন।

বিক্ষোভ চলাকালে ক্ষুব্ধ গ্রাহকরা আগ্রাবাদের এক্সিম ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন। পরে আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করে অবস্থান নিয়েছে ব্যাংক গ্রাহকরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা করা অর্থ উত্তোলন করতে পারছেন না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না, এমনকি ২০২৮ সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয় বলেও জানানো হচ্ছে।

তাদের আরও অভিযোগ, ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। এ কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা দ্রুত আমানতের পুরো টাকা ফেরত, মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘ব্যাংক গ্রাহকদের কর্মসূচি চলমান আছে। আমাদের টিম সেখানে রয়েছে।’

 

Share





Related News

Comments are Closed