সিলেট-সুনামগঞ্জসহ ৪ জেলায় বন্যার আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন দিনের অতিভারি বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারসহ উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শনিবার (২ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারি এবং দেশের অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার অঞ্চলে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এতে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় দিনে কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তবে নেত্রকোনা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এ ছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নেত্রকোনার বাউলাই নদী অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অন্যদিকে হবিগঞ্জের খোয়াই ও সুতাং নদী এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।
পাউবো জানিয়েছে, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বেড়ে প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি মনু নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং হবিগঞ্জ জেলার চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, যুবক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামিRead More
জৈন্তাপুরে এনসিপির গাড়ী বহরে হামলার অভিযোগ, আহত ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জৈন্তাপুরে জনসভা শেষ করে রাতে সিলেট নগরীতে ফেরার পথেRead More



Comments are Closed