Main Menu

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার ভারতীয় চকলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় চেকপোস্টে ডিউটির সময় যাত্রীবাহী এসএস পরিবহন (মিতালী পরিবহন) নামের একটি বাস থামানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৭৮১।

এ সময় বাস থেকে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে এসআই বিদ্যুৎ পুরোকায়স্থ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। পরে বাসে থাকা যাত্রীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের চালক ও সহকারী জানান, বাসে থাকা মালামালের মালিক আটককৃত মো. আলামিন ফকির (২৮)। পরে তার দেখানো মতে বাসের বক্সের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত চকলেটের মধ্যে রয়েছে— কিটক্যাট টু ফিঙার ৫০০ পিস (মূল্য ৭,৫০০ টাকা), স্নিকার্স ৮৯০ পিস (মূল্য ১৩,৩৫০ টাকা), চুপাচুপস ৫,৫৫০ পিস (মূল্য ৫৫,৫০০ টাকা), বেনজো ১৪০ প্যাকেট (মূল্য ৯৮,০০০ টাকা) ও ৬টি ব্যাগ (মূল্য ১,২০০ টাকা)। সব মিলিয়ে জব্দকৃত চকলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি জানান, উদ্ধারকৃত মালামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ পাহারায় তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed