Main Menu

সিলেটে তিন দিনে ১৭ কিশোরগ্যাং ও ছিনতাইকারী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাড়া-মহল্লাগুলোতে কিশোরদের রাতের আড্ডা ও তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ, দিনে দিনে বেড়ে যাওয়া ছিনতাই ও চুরি চক্রের উৎপাতের কারণে মহানগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন দিনের মধ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেন থেকে ৭ জন সক্রিয় ছিনতাইকারীকে কোতোয়ালি থানা পুলিশ আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো চাকু, ছিনতাইকৃত টাকা এবং অপরাধে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির গণমাধ্যমকে বলেন, “আটক ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয় ছিল ড্রেনের ভেতর। চুরি-ছিনতাই করে তারা নিমিষেই উধাও হয়ে যেত। ড্রেনকে তাদের আস্তানা হিসেবে ব্যবহার করতো। আমরা সেই আস্তানা থেকে তাদের গ্রেফতার করেছি।”

এর আগে শনিবার রাতে বাগবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় কাস্টঘর এলাকা থেকে আরও একজন কিশোরগ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এছাড়া ২৭ ফেব্রুয়ারি ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোরগ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হয়নি।

গ্রেফতাররা বিভিন্ন পাড়া-মহল্লায় চক্রবদ্ধভাবে ছিনতাই ও অন্যান্য অপরাধে জড়িত ছিল। গ্রেফতারদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার কিশোরগ্যাং সদস্য।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ছিনতাইকারীদের বেশ কয়েকটি চক্র রয়েছে। কেউ নির্জন জায়গায় চাকু ছুরি ধরে ছিনতাই করে, কেউ জনসম্মুখে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ব্যবহার করে। এছাড়া কিশোরগ্যাং মূলত পাড়া-মহল্লা ভিত্তিক গড়ে উঠে। শুরুতে তারা আড্ডা দিয়ে সময় কাটাত, পরে আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কাজে জড়ায়। জনগণ আমাদের ফোন ও অভিযোগের মাধ্যমে এসব চক্রের তথ্য দিচ্ছেন, যার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed