এলিয়েন সংক্রান্ত সব গোপন ফাইল প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভিনগ্রহের প্রাণ বা এলিয়েন নিয়ে দীর্ঘদিনের রহস্যের জট খুলতে এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে মার্কিন সরকারের কাছে থাকা সমস্ত গোপন নথি প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দেবেন যেন তারা ‘বহির্জাগতিক প্রাণ, অজ্ঞাত মহাজাগতিক ঘটনা (ইউএপি) এবং ইউএফও’ সম্পর্কিত নথিগুলো চিহ্নিত করে তা জনসমক্ষে প্রকাশের প্রক্রিয়া শুরু করেন।
এই আলোচনার সূত্রপাত হয় গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি মন্তব্য ভাইরাল হওয়ার পর। এক পডকাস্ট সাক্ষাৎকারে ওবামাকে জিজ্ঞেস করা হয়েছিল ভিনগ্রহবাসীরা ‘বাস্তব’ কি না। জবাবে ওবামা কিছুটা রহস্য রেখে বলেছিলেন,ওরা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি।
তিনি আরও বলেন, এরিয়া ৫১-এ তাদের আটকে রাখার মতো কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই, যদি না বিশাল কোনো ষড়যন্ত্রের মাধ্যমে স্বয়ং প্রেসিডেন্টের কাছ থেকেও বিষয়টি লুকিয়ে রাখা হয়। ওবামার এই মন্তব্য ঘিরেই নতুন করে তোলপাড় শুরু হয় মার্কিন রাজনীতি ও বিজ্ঞান মহলে।
বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওবামার মন্তব্যের সমালোচনা করে বলেন, ওবামা ‘গোপন তথ্য’ ফাঁস করে দিয়েছেন। এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট না করে ট্রাম্প বলেন, ওরা বাস্তব কি না, আমি জানি না। তবে তিনি কৌতুক করে বলেন, নথিপত্র গোপনীয়তার তালিকা থেকে বাদ দিয়ে তিনি হয়তো ওবামাকে এই আইনি ঝামেলা থেকে মুক্তি দিতে পারেন।
এর আগে এই সপ্তাহের শুরুতেই ওবামা অবশ্য পরিষ্কার করেছিলেন , ভিনগ্রহবাসীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এমন কোনো অকাট্য প্রমাণ তিনি দেখেননি, তবে মহাবিশ্বের বিশালতার কথা চিন্তা করলে অন্য কোথাও প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এদিকে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প একটি পডকাস্টে দাবি করেছেন, ভিনগ্রহের প্রাণী নিয়ে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ প্রস্তুত। এমনকি এ বিষয়ে তার একটি বিশেষ ভাষণও তৈরি করা আছে, যা তিনি সঠিক সময়ে দেবেন।
লারা ট্রাম্পের এই দাবিতে স্বয়ং হোয়াইট হাউসও কিছুটা বিস্মিত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার এক প্রশ্নের জবাবে হেসে বলেন, ভিনগ্রহবাসী নিয়ে কোনো ভাষণ—এটা আমার কাছেও একদম নতুন খবর।
২০১৭ সালে পেন্টাগনের কিছু ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই ইউএফও নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রবল কৌতূহল তৈরি হয়। এর জেরে ২০২২ সালে মার্কিন কংগ্রেসে দীর্ঘ ৫০ বছর পর ইউএফও সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।
যদিও তখন কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর জাহাজের ওপর দেখা যাওয়া রহস্যময় বস্তুগুলো সম্ভবত ড্রোন ছিল। তবে পেন্টাগন এখন পর্যন্ত এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সামরিক বাহিনীর অধিকাংশ প্রতিবেদনই অমীমাংসিত রয়ে গেছে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed