জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে সিলেট–জকিগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুবায়ের আহমদ বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়, যা পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ঘাতক মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় জুবায়েরের মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং ওই সড়কে যান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed