Main Menu

সিলেটে ভারতীয় ৩১ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ ১৯ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি এলাকার সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে এ অভিযান চালানো হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৮১৬ কেজি ভারতীয় সুপারি ও ২টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২০ লাখ ৮ হাজার টাকা।

এছাড়াও রোববার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক পৃথক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ ও ৩টি গরু আটক করে। এসব পশুর আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি জানায়, দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩০ লাখ ৬৮ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব সফল অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed