Main Menu

সিলেটে কমছে তাপমাত্রা, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

বৈশাখী নিউজ ডেস্ক: কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের জনজীবন। শনিবারের পর রবিবারও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত কয়েক দিন ধরে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা, যা সকাল বেলা দৃশ্যমানতা কমিয়ে দিচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা পুরোপুরি কাটেনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার রবিবার সকালে জানান, সিলেটে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনার কথাও জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার পরিভাষায় কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়া অফিসের তথ্যে জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহটি শুরু হয় গত ৩১ ডিসেম্বর। এরপর ১ ও ২ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। বিদায়ী বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশজুড়ে শীতের তীব্রতা বাড়তে থাকায় জনজীবনে ভোগান্তি বাড়ছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২০১৮ সালের জানুয়ারি মাসে শীতের আগের সব রেকর্ড ভেঙ্গে যায়। সে বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ইতিহাসে এটিই এখনো পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা। একই বছর উত্তরাঞ্চলের সৈয়দপুরে আগের তাপমাত্রা রেকর্ড ভেঙ্গে হয়েছিল দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। আর স্বাধীন বাংলাদেশে সিলেট বিভাগে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা ১৯৯৫ সালের ১ ফেব্রুয়ারি। ওই দিন শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯৭৬ সালের ২৯ জানুয়ারি ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

Share





Related News

Comments are Closed