সিলেটে পাথর লুটকাণ্ডে বহিষ্কৃত সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত নেতা মো. সাহাব উদ্দিনকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে তাকে তার আগের সাংগঠনিক পদেও পুনর্বহাল করা হয়েছে।
মো. সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত বছরের ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়।
সাড়ে চার মাস পর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক নতুন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সাহাব উদ্দিনের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ তার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিনের বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বহিষ্কৃত আরও কয়েকজন নেতাকে দলে ফিরিয়ে নেয় বিএনপি।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কারের পর গত ১৩ সেপ্টেম্বর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সাহাব উদ্দিনকে সিলেট মহানগরের কুমারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ।
গ্রেপ্তারের সময় র্যাব জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাদাপাথর লুটের অভিযোগসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া তিনি কারাগারে থাকা অবস্থায় আদালতে হাজিরার এক দিনে তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সিলেট আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলার গুরুতর অভিযোগ ওঠে।
এমন অবস্থায় সাহাব উদ্দিনকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করে তার সব পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed