Main Menu

জানুয়ারীতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট 

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানিয়েছেন, জানুয়ারীতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশা প্রকাশ করেন।

ইমরান হায়দার বলেন, `গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় নতুন বিনিয়োগের সুযোগগুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করছে।’

তিনি আরও জানান, সাংস্কৃতিক বিনিময়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবল আগ্রহ দেখিয়েছে।

হায়দার বলেন, `পাকিস্তানে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান এই ক্ষেত্রের প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ দিতে প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ককে স্বাগত জানিয়ে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধি এবং সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তায় জোর দেন এবং আশা প্রকাশ করেন, হাইকমিশনার হায়দারের মেয়াদকালে উভয় দেশ বিনিয়োগ ও যৌথ উদ্যোগের জন্য নতুন পথ অন্বেষণ করবে।

সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed