প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রথম দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিদায়ী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই এ বাজার আবার চালু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়াগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনায় এ সুযোগ তৈরি হয়েছে। কর্মীদের দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের মান-মর্যাদা বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা খরচে সেখানে পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। এ জন্য দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আরও দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ উভয়ের জন্যই লাভজনক হবে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিদেশগামী কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও শুরু করা হবে।
বিদায়ী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে আপনাদের প্রত্যেককে বাংলাদেশি হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। কর্মীদের আচার-আচরণ ও কাজের মধ্য দিয়েই বিদেশিরা বাংলাদেশকে মূল্যায়ন করবে। যে প্রতিষ্ঠানে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে সংশ্লিষ্টরা উৎসাহিত হবেন।
তিনি কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তাঁদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে এ সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন। পরে তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন। এ সময়ও তিনি বিদেশের মাটিতে দেশের সম্মান ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন।
Related News
প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুRead More
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ২১,৫০০, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরিRead More



Comments are Closed