Main Menu

জৈন্তাপুরে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি, প্রতিবাদে সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবাদে সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁরা।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হলেও বিস্তারিত কারণ জানানো হয়নি।

অব্যাহতির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে জামাল আহমেদ সবুজ বলেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাংগঠনিক নিয়মের পরিপন্থী। তাঁর দাবি, জুলাই বিপ্লবের পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে হরিপুর বাজারে ছাত্র-জনতার আয়োজিত এক বিক্ষোভ মিছিলে নৈতিক দায়িত্ববোধ থেকে তিনি ও সভাপতি সুয়েব আহমেদ অংশ নিয়েছিলেন। বিএনপির জাতীয় পর্যায়ের নেতারাও ওই হত্যার বিচার দাবিতে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সে ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণকে কেন্দ্র করে একটি পক্ষ ব্যক্তিগত আক্রোশ ও ষড়যন্ত্রমূলকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শনিবার রাতেই তাঁরা হরিপুর বাজার এলাকায় সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে অব্যাহতির আদেশ প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করেন।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, তিনি জরুরি প্রয়োজনে বর্তমানে সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। দলের শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘শহিদ ওসমান হাদীর হত্যার বিচার চাওয়ার ঘটনায় কাউকে বহিষ্কার করা হলে তা হাস্যকর। কী অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি উপজেলা ছাত্রদলই বলতে পারবে।’

Share





Related News

Comments are Closed