Main Menu

বাংলা ভাষার প্রথম এআই কাগজ উদ্বোধন, থাকছে যে সব সুবিধা 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলা ভাষার জন্য প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’ চালু করা হয়েছে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই দুটি ডিজিটাল সেবা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এআই প্ল্যাটফর্ম ও ফন্টটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই’ ফন্ট উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, কাগজ ডট এআইয়ের মতো টুলসের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে শুধু বাংলা নয়, দেশের অন্যান্য ভাষাকেও সাইবার স্পেসে টিকিয়ে রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ একটি পূর্ণাঙ্গ বাংলা ভাষাভিত্তিক এআই প্ল্যাটফর্ম, যা লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে। বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বাংলা ভাষার জন্য এ ধরনের পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি।

এদিকে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ বিশেষভাবে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই ফন্ট কম্পিউটারনির্ভর বাংলা লেখালেখির ক্ষেত্রে বিদ্যমান নানা সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে।

উল্লেখ্য, উদ্বোধন হওয়া এই দুটি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed