Main Menu

১ নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের নাম-পরিচয়

প্রযুক্তি ডেস্ক: অপরিচিত নম্বর থেকে ফোন এলেই এবার জানা যাবে কলারের পরিচয়। আগামী ১ নভেম্বর থেকে ভারতে চালু হতে যাচ্ছে নতুন কলার শনাক্তকরণ ব্যবস্থা ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (সিএনএপি)। এই প্রযুক্তি চালু হলে ফোনের পর্দায় অপরিচিত নম্বরের পাশাপাশি সিম নিবন্ধনের সময় দেওয়া নামও দেখা যাবে।

ভারতের টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) দেশটির সব টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানকে এই সেবা চালুর নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যেভাবে কাজ করবে নতুন প্রযুক্তি

ভারতে তৈরি সিএনএপি প্রযুক্তি প্রাথমিকভাবে ৪জি ও ৫জি নেটওয়ার্কে চালু করার পরিকল্পনা রয়েছে। তবে ২জি ও ৩জি নেটওয়ার্ক এবং ল্যান্ডলাইন ফোনে এই সেবা চালুর বিষয়েও আলাদা পরিকল্পনা করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় ফোনে কোনো নম্বর আগে থেকে সংরক্ষিত থাকলে সেই নামই দেখা যাবে। আর নম্বরটি সংরক্ষিত না থাকলে সিম নিবন্ধনের সময় দেওয়া নাম প্রদর্শিত হবে। বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে কলারের নামের পরিবর্তে ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখানোর কথা রয়েছে।

এ জন্য টেলিকম অপারেটরগুলোকে গ্রাহকদের নাম ও নম্বরের হালনাগাদ তথ্য সংরক্ষণ করে একটি সুরক্ষিত তথ্যভান্ডার তৈরি করতে হবে। কল আসার সময় সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে কলারের পরিচয় দেখানো হবে।

গোপনীয়তা রক্ষায় বিশেষ ব্যবস্থা

নতুন প্রযুক্তি চালুর পাশাপাশি গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। এ ক্ষেত্রে ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কল শেষ হওয়ার পর কলারের ব্যক্তিগত তথ্য ডেটাবেসে সংরক্ষণ না রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ (সিএলআইআর) সুবিধা ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখা হবে। ফলে এ সুবিধা নেওয়া গ্রাহকদের নাম অন্যের ফোনের পর্দায় প্রদর্শিত হবে না।

ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ক্ষেত্রে নিবন্ধিত ট্রেডমার্ক কিংবা জিএসটি পোর্টালে নথিভুক্ত ব্যবসার নাম প্রদর্শনের সুযোগ থাকবে। তবে এসব তথ্য যাচাই করে অনুমোদন দেবে সংশ্লিষ্ট টেলিকম অপারেটর।

প্রতারণা ঠেকানোর লক্ষ্য

অপরিচিত নম্বর থেকে ফোন করে ভুয়া পরিচয়ে প্রতারণা, আর্থিক জালিয়াতি ও সাইবার অপরাধের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আশা, কলারের পরিচয় সহজে শনাক্ত করা সম্ভব হলে সন্দেহজনক ফোনকল চেনা সহজ হবে এবং প্রতারণার ঝুঁকি কমাতে সহায়তা করবে নতুন এই ব্যবস্থা।

তবে প্রযুক্তিটি চালু হলেও অপরিচিত নম্বর থেকে আসা প্রতিটি কল যে নিরাপদ হবে, এমন নিশ্চয়তা নেই। তাই কলারের নাম দেখালেও ব্যক্তিগত তথ্য, ব্যাংকিংয়ের গোপন তথ্য কিংবা ওটিপি শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed