Main Menu

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনি প্রচারণাকালে তাকে গুলি করা হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো

জুলাইর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণঅভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা-৮ আসন থেকে। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি।

Manual8 Ad Code

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

Manual8 Ad Code

শুক্রবার বিকেল চারটার কিছু পরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তরে ফোন করলে কর্মকর্তারা জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথার ভেতরেই গুলিটি রয়ে গেছে এবং তাকে অবিলম্বে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

হামলার সময় হাদির পেছনের রিকশায় থাকা মো. রাফি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে ঢোকার সঙ্গে সঙ্গেই একটি মোটরসাইকেলে দুজন লোক এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

Manual1 Ad Code

এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, স্বচ্ছ ও ব্যাপক তদন্ত চালিয়ে এ হামলার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ওসমান হাদির বর্তমান অবস্থা নিয়ে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা চরম উদ্বেগে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code