গাজীপুরে মনোনয়ন বিরোধের জেরে অগ্নিসংযোগ, ভাংচুর, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর-১ আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন বিরোধের জেরে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর-১ আসনে মনোনয়ন ঘিরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নির্বাচন উপলক্ষে স্থাপিত মনোনয়ন বঞ্চিত ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এছাড়া মনোনয়ন বদলের দাবিতে মশাল মিছিল হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার এই কর্মসূচিতে যোগ দিতে তার নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হলে হঠাৎ কর্মীদের ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। মজিবুর রহমানের সমর্থক কয়েকজনও আহত হয়। পরে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলতে থাকলে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে আগুন নেভায়।
মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর সমর্থকদের দাবি, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়। তবে মজিবুর রহমানের সমর্থকদের দাবি, প্রার্থীকে বিতর্কিত করার উদ্দেশ্যে এসব সাজানো ঘটনা। ঘটনাটিকে ঘিরে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।
এর আগে শনিবার রাতে বিএনপির মনোনয়ন বাতিল করে ইশরাক আহমেদ সিদ্দিকীকে মনোনয়ন দেয়ার দাবিতে নির্বাচনী এলাকার কোনাবাড়ি এলাকায় মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
গত বৃহস্পতিবার কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ বিষয়ে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান বলেন, ‘আমরা শান্তিপ্রিয়ভাবে বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলাম। প্রচারণায় ব্যাঘাত ও নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed