ঢাকাসহ চার জেলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১, আহত কয়েক শত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চার, নারায়ণগঞ্জে এক শিশু ও গাজীপুরে এক যুবকসহ চার জেলায় মোট ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক শত মানুষ।
ঢাকায় নিহত ৪
পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন—সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। বংশালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
এদিকে, রাজধানীর মুগদার মদিনা বাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মো. মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান। মুগদা থানার এসআই উত্তম মিত্র জানান, নিহত মাকসুদ নোয়াখালীর রামগতি থানার চরসীতা গ্রামের বাসিন্দা।
নরসিংদীতে নিহত ৫
নরসিংদীতে ভূমিকম্পে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন নরসিংদী শহরের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন (৩৭), তার ছেলে ওমর ফারুক (১১), পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা কাজম আলী ভূঁইয়া (৭৫), পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান (৪০)।
জানা গেছে, নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে ইট পড়ে মৃত্যু হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরের। নাসির উদ্দিন আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারা যান ফোরকান। অন্যদিকে মাটির ঘরের নিচে চাপা পড়ে মারা যান কাজম আলী ভূঁইয়া।
নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ফাতেমাকে কোলে নিয়ে তার মা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল নামক এলাকায় এলে ভূমিকম্প শুরু হয়। এসময় রাস্তার পাশের ইটের দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে শিশু ফাতেমা নিহত হয়।
গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নে ভূমিকম্পের গাছ থেকে পড়ে গিয়ে সুজিৎ দাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গাছ থেকে পড়ার পর তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া শাদেরগাঁ জামে মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ফাঁটল দেখা গেছে। নমনির্মিত সাদের গাঁও চারতলা বিশিষ্ট স্কুলে বেশ কয়েকটি ফাঁটল দেখা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে ২৮ মে দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাছাকাছি আঘাত হানা ভূমিকম্পেও দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানীতে কম্পন অনুভূত হয়েছিল।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed