Main Menu

সিলেটে নিজ বাড়ির ছাদে পড়েছিল আ.লীগ নেতার রক্তাক্ত লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, হত্যার কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা ঘটনাস্থল থেকে একটি  ছুরি উদ্ধার করেছি। এখন বিভিন্নজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, রাত থেকে সকাল পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, এ সময়ের মধ্যে বাসায় কোনো বহিরাগত প্রবেশ করেননি। ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও গভীর হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত চার-পাঁচ মাস ধরে রাজ্জাক মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কখনও পরিবারকে জানাননি, কেন তিনি এমন অবস্থায় ভুগছেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা এ মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed