কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্ট চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনায় মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হন। তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করেছিল, যেখানে জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্টসেল’-এর গান পরিবেশনের কথা ছিল। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে সন্ধ্যার পর থেকেই ব্যাপক ভিড় জমে।
কনসার্ট চলাকালে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে অপর একটি পক্ষ এর বিরোধিতা করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
গুলিবিদ্ধ শরীফকে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু মো. নাঈম।
তিনি জানান, ‘স্লোগান দেওয়ার বিষয়টি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ঝামেলা বাধে। এরপর পুলিশ গুলি ছোড়ে, এতে শরীফসহ দুজন আহত হন।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গুলিবিদ্ধ যুবক ও তাঁর সহযোগীরা পুরো তথ্য দিচ্ছেন না, ফলে সঠিক পরিস্থিতি জানা যাচ্ছে না।’
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কনভেনশন সেন্টারের মূল ফটকে ভাঙচুরের চেষ্টা চলছে, আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘কনসার্ট চলাকালে আওয়ামী লীগের স্লোগান নিয়ে ভেতরে গণ্ডগোল হয়। কয়েকজন আহত হয়েছেন।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত হতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।’
এদিকে কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলশী থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Related News
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জনRead More
চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ জনের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় গ্যাস লিকেজেরRead More



Comments are Closed