Main Menu

কোম্পানীগঞ্জে আরও ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে আরও ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই পাথরগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় নড়ে-চড়ে বসে প্রশাসন। প্রতিদিনই চলে প্রশাসনের উদ্ধার অভিযান। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে রাত আনুমানিক ১১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। এইনিয়ে প্রায় ৫ লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। এই অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘সোমবার (১৮ আগস্ট) সন্ধা থেকে রাত আনুমানিক ১১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত খনিজ সম্পদ ব্যুরোর মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া সাদাপাথর লুটপাটে জড়িতদেরও আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, একইদিন বিকেলে সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও সালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ধানক্ষেত এবং কারো কারো বাড়ির উঠান, পথের ধারে ঘাস লতাপাতায় লুকানো অবস্থায় রাখা প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।

এদিকে সাদাপাথর লুটপাট নিয়ে দেশজুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই সোমবার ওএসএডি করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে। এছাড়া অন্য একটি আদেশে বদলি করা হয়েছে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকেও।

Share





Related News

Comments are Closed