Main Menu

সিলেটের সাদাপাথরে লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটের ঘটনায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খাঁয়েরগাঁওয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি সাদাপাথর এলাকার সংযোগকৃত ধলাই রক্ষা কমিটির আহ্বায়ক।

জানা যায়, আলমগীর আলমের বিরুদ্ধে ২০২৪ সালে বালু-পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাঁকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তাঁর নৌকা আটকে তাঁকে সতর্ক করে দিয়েছিলেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, ‘আলমগীর আলম চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাঁকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার সকালে ডিবি আমাদের কাছে তাঁকে হস্তান্তর করেছে।’

তিনি জানান বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে সাদাপাথর এলাকায় লুট হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করে। ধলাই নদীর তীরবর্তী ওই এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

পাথর প্রতিস্থাপনের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, বুধবার রাতে ৬ সদস্যদের একটি দল যৌথবাহিনীর সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে ফের পর্যটন কেন্দ্র সাদা পাথরসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed