গোলাপগঞ্জে মধ্যরাতে যুবদল কর্মী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শনিবার দিবাগত মধ্যরাতে ছুরিকাঘাতে এক যুবদল কর্মী খুন হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলায় এ ঘটনা ঘটে।
নিহত রনি হোসাইন (৩০) উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে। রনি যুবদলের কর্মী বলে জানা গেছে।
এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রাজু জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে স্থানীয়া বলছেন।
ঘটনার পর থেকেই ছাত্রদল নেতা রাজু পলাতক রয়েছেন। অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তারা দুজনই বন্ধু ছিলেন।
জানা গেছে, শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় ছুরিকাঘাতে আহত হন রনি। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রনিকে তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
নিহত রনির মা রত্না বেগম বলেন, ‘কয়েকদিন আগে ছাত্রদল নেতা রাজুর স্ত্রী আমার ছেলের কাছে একটি বিচার দেন-তার স্বামী অন্য মহিলার সাথে পরকীয়া করছে। এ নিয়ে রাজুর সাথে রনির দ্বন্দ্ব ছিল। তাছাড়া আর কারও সঙ্গে আমার ছেলের কোনো পূর্ব শত্রুতা ছিল না। রাজুই আমার ছেলেকে হত্যা করেছে।’
গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তাক আহমদ বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক কর্মীরা বলছেন একটি পরকীয়ার ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
তিনি জানান, জড়িতদের ধরতে আমরা অভিযানে আছি। তবে এখনও মামলা হয়নি। নিহত রনির মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, ছুরিকাঘাতের পর রনির স্বজনরা তার রক্তাক্ত দেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা জরুরি বিভাগের গেট তালাবদ্ধ দেখতে পান। আধা ঘণ্টারও বেশি সময় ডাকাডাকির পরও কেউ না খুললে ক্ষুব্ধ স্বজনরা গেটের তালা ভাঙতে চেষ্টা করেন। পরে একজন গেট খুলে দিলে রনির দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎক রনিকে মৃত ঘোষণা করেন।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed