Main Menu

সিলেটে সাংবাদিক সেজে অভিনব প্রতারণা, গ্রেফতার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাংবাদিক সেজে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তার নাম শহিদ আহমদ রিপন (৫০)। তিনি জকিগঞ্জ উপজেলার পীরেরচক আলমপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

রবিবার (৩ আগস্ট) রাতে সিলেট মহানগর পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় তাকে শাহপরাণ থানার মোহাম্মদপুর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শহিদ আহমদ রিপন বর্তমানে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন ইসলামপুরের উত্তর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

তিনি নিজেকে অনলাইন ক্রাইম তালাশ প্রতিদিন’ নামীয় একটি পত্রিকার রিপোর্টার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন বলেও জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, শনিবার সকাল ১০টায় শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া আনসারটিলা এলাকায় সিরাজ মিয়া ও জয়নাল আবেদীনের সাথে কথোপকথনের সময় খোকন আহমদ নামক এক ব্যাক্তি দেখতে পান শহিদ আহমদ রিপনের হাতে থাকা একটি লিখিত অভিযোগপত্রে তার নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।

এ অভিযোগে উল্লেখ ছিল, মাসুক মোল্লা, কালা সিরাজ, জয়নাল আবেদীন, আনু মেম্বার, আজাদ মেম্বার ও কামরুলের বিরুদ্ধে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে।

খোকন পুলিশকে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং অভিযোগে থাকা স্বাক্ষরটিও তার নয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ আহমদ রিপন স্বীকার করেন যে, তিনি ও রহিম মিলে ভুয়া অভিযোগ তৈরি করে তা সিটি কর্পোরেশন, বন বিভাগ ও জেলা প্রশাসকের দপ্তরে জমা দেন। এরপর অভিযোগটি দেখিয়ে জনপ্রতি ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে পত্রিকায় রিপোর্ট করে দিবেন বলেও হুমকি দিতেন।

এ ঘটনায় খোকন আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানার মামলা ( নং ০১/২/০৮/২০২৫) রুজু করে রিপনকে আদালতে সোপর্দ করার বিষয়টিও নিশ্চিত করেন এসএমপির মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed